ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১১:৪৪ এএম
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সংসদ নির্বাচনে ভিন্ন প্রতীকের পক্ষে কাজ করায় আব্দুল মান্নান তালুকদার নামে এক বিএনপি নেতাকে মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে গৌরীপুর পৌর শহরের ২ নম্বর রেলক্রসিং সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নেতার মাথা ন্যাড়া করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই ঘটনায় নিন্দা জানিয়ে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান বিষয়টিকে চরম বর্বরতা হিসেবে অভিহিত করেছেন।ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী আব্দুল মান্নান তালুকদার জানান, ব্যক্তিগত কাজে সিএনজিযোগে ময়মনসিংহে যাওয়ার পথে গৌরীপুর পৌরসভা সংলগ্ন এলাকায় তাকে আটকানো হয়।
পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সি তাকে জোরপূর্বক সিএনজি থেকে নামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করেন বলে তিনি অভিযোগ করেন।
পরে তাকে নিকটস্থ একটি সেলুনে নিয়ে গিয়ে জোর করে মাথা ন্যাড়া করা হয় এবং চোখের উপরের ভ্রু কেটে দেওয়া হয়। ভুক্তভোগী এই নেতা আক্ষেপ করে বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করলেও নিজ দলের কর্মীদের হাতে এমন লাঞ্ছনার শিকার হবেন তা তিনি কল্পনাও করেননি। ঘোড়া প্রতীকের নির্বাচন করলেও এলাকায় ধানের শীষের প্রার্থী জয়ী হয়ে প্রতিমন্ত্রী হওয়ার পর এমন হামলা ও অপমানের শিকার হওয়াকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।
এদিকে অভিযুক্ত পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বিষয়টিকে গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে দাবি করেন, তার ইমেজ ক্ষুণ্ন করার জন্য একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তার ভাষ্যমতে, এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং ভুক্তভোগী ওই ব্যক্তির মাথায় আগে থেকেই চুল কম ছিল। রাজনৈতিকভাবে তাকে হেয় করতেই এই ধরনের নাটক সাজানো হয়েছে বলে তিনি পাল্টা দাবি করেন।
বিষয়টি নিয়ে ময়মনসিংহ জেলা কৃষক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ জানান, তিনি ঘটনার কথা শুনে অভিযুক্ত নেতার সঙ্গে কথা বলেছেন। পুরো বিষয়টি ইতোমধ্যেই কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা যাচাইয়ের কাজ চলছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন