ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১২:৩৭ পিএম
পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি খামার মাত্র ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করে অনন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের জেসি অ্যাগ্রো ফার্ম নামের একটি প্রতিষ্ঠান নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে এই বিশেষ উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে খামারে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।
বাজারের স্বাভাবিক মূল্যের চেয়ে অবিশ্বাস্য কম দামে দুধ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নারী ও পুরুষদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসজুড়ে প্রতিদিন অন্তত ৯০ জন সাধারণ মানুষকে এক লিটার করে দুধ প্রদান করা হবে।
বর্তমানে খুচরা বাজারে প্রতি লিটার দুধ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে যা অনেক দরিদ্র ও শ্রমজীবী পরিবারের জন্য কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। করিমগঞ্জের হাতকাজলা ও বয়রা মধ্যপাড়া গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, রমজানে সেহরিতে দুধ খাওয়ার ইচ্ছে থাকলেও বর্তমান বাজার পরিস্থিতিতে তা দুঃসাধ্য ছিল।
জেসি অ্যাগ্রো ফার্মের এই উদ্যোগের ফলে এখন তারা নামমাত্র মূল্যে দুধ সংগ্রহ করতে পারছেন। খামারের ব্যবস্থাপনা পরিচালক হুসাইন মোহাম্মদ রিয়াদ জানান, তাদের খামারে বর্তমানে প্রায় আড়াইশ গরু রয়েছে যার মধ্যে ১৮টি গরু নিয়মিত দুধ দিচ্ছে। প্রতিদিন উৎপাদিত প্রায় ৯০ থেকে ১০০ লিটার দুধ তারা ব্যবসায়িক লাভের কথা চিন্তা না করে সাধারণ মানুষের হাতে তুলে দেবেন।পাঁচ বছর আগে গড়ে ওঠা এই খামারের মালিক পক্ষ মনে করে, ব্যবসায়িক মুনাফার চেয়ে সংকটের সময়ে মানুষের পাশে থাকা বেশি জরুরি।
রমজানের শেষ দিন পর্যন্ত এই কার্যক্রম চলমান রাখার ঘোষণা দিয়েছেন তারা। দ্রব্যমূল্যের এই অস্থির সময়ে এমন পদক্ষেপ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক সাড়া ফেলেছে। এই ধরনের মানবিক উদ্যোগ অন্য ব্যবসায়ীদেরও সাধারণ মানুষের প্রতি সহমর্মী হতে অনুপ্রাণিত করবে বলে সচেতন মহল মনে করছেন। খামারটির এমন কাজ সরাসরি সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন