ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০২:০৮ পিএম
চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকাজে চরম বিপত্তি দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভোরে খুলনা থেকে আমনুরা পাওয়ার প্লান্টে তেল নিয়ে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এতে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ভোরবেলা তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকাজে সহায়তার জন্য সকাল ১০টায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন বা উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়।
তবে উদ্ধারকাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই রিলিফ ট্রেনটি নিজেই লাইনচ্যুত হয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। একই স্থানে পরপর দুটি ট্রেন দুর্ঘটনার ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয় এবং রেল যোগাযোগ পুনরুদ্ধারে দীর্ঘসূত্রতা দেখা দেয়।
আমনুরা রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দ্বিতীয়বার লাইনচ্যুত হওয়া রিলিফ ট্রেনটিকে রেলওয়ের প্রকৌশলীদের বিশেষ চেষ্টায় দ্রুত পুনরায় লাইনে তোলা সম্ভব হয়েছে। বর্তমানে তেলবাহী ট্রেনটির লাইনচ্যুত বগিগুলো সরানোর কাজ জোরকদমে চলছে।
তবে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি মেরামত না করা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, উদ্ধারকাজ সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু করা যাবে। আকস্মিক এই দুর্ঘটনার কারণে সকাল থেকে বিভিন্ন স্টেশনে আটকা পড়া যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন