রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল চালকের মৃ‍‍`ত্যু

আবু সালেহ মোঃ রায়হান

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:৪৭ পিএম

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল চালকের মৃ‍‍`ত্যু

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি :ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মালেক (৭০) নামে এক প্রবীণ সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ-টোকরাভাসা আঞ্চলিক সড়কের ভাউলাগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল মালেক পার্শ্ববর্তী বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী বয়াতি পাড়া এলাকার বাসিন্দা।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আব্দুল মালেক নিজের প্রয়োজনীয় কেনাকাটা করতে সাইকেলযোগে ভাউলাগঞ্জ বাজারে আসছিলেন। 

পথিমধ্যে ভাউলাগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাউলাগঞ্জ বাজারে নিয়ে গেলে সেখানে এক পল্লী চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরপরই ঘাতক মোটরসাইকেল নিয়ে চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। 

প্রবীণ এই ব্যক্তির আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী সড়ক দুর্ঘটনায় এক সাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।