রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

ফুলছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান

মার্চ ১১, ২০২৬, ০৩:৫৭ পিএম

ফুলছড়িতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফুলছড়িতে প্রশিক্ষণ সভা :ছবি-দিনাজপুর টিভি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের আওতায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের দিনব্যাপী কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার জামিলা আক্তার উচ্চ বিদ্যালয় হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় কর্মশালাটি সম্পন্ন হয়।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আবদুল কুদ্দুস (প্রিন্স)। তিনি তার আলোচনায় শিক্ষা উন্নয়নে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ, বিদ্যালয় ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

 তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে তদারকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।গজারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ছিন্নমূল মহিলা সমিতির উপ-পরিচালক এবিএম মাসুদুন্নবী লিপন। 

এছাড়াও বক্তব্য রাখেন জামিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মিয়া, সাংবাদিক মোস্তাফিজুর রহমান এবং শিক্ষা সুরক্ষা প্রকল্পের সমন্বয়কারী আহসান উল করিম।কর্মশালায় মূলত মানসম্মত শিক্ষার প্রসার, শিক্ষক-শিক্ষার্থী যোগাযোগ বৃদ্ধি, নিয়মিত সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং বিদ্যালয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

পাশাপাশি স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি) কার্যকর করা, প্রতিবন্ধী ও প্রান্তিক শিশুদের বিদ্যালয়ে অন্তর্ভুক্তি এবং বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে স্থানীয় কমিউনিটির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ কারিগরি দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণে সংশ্লিষ্ট ওয়াচ গ্রুপের সকল সদস্য অংশগ্রহণ করেন।