রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কেনাকাটায় পঞ্চগড়ে জমে উঠেছে ঈদ বাজার

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৩, ২০২৬, ০৯:২০ পিএম

কেনাকাটায় পঞ্চগড়ে জমে উঠেছে ঈদ বাজার

পঞ্চগড়ে জমজমাট ঈদ বাজার :ছবি-দিনাজপুর টিভি

পবিত্র ঈদুল ফিতর দোরগোড়ায়। দিন যত ঘনিয়ে আসছে, হিমালয় কন্যা পঞ্চগড়ে ততই জমে উঠছে ঈদের কেনাকাটা। জেলা শহরের নামী-দামী ব্র্যান্ডের শোরুম থেকে শুরু করে ফুটপাতের দোকান—সবখানেই এখন তিল ধারণের ঠাঁই নেই। বিশেষ করে নারী ও শিশুদের পোশাকে ঘিরেই বিপণী বিতানগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

এবারের ঈদ গরমের শুরুতে হওয়ায় ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে দেশি-বিদেশি সুতি ও পাতলা জর্জেট কাপড়।শহরের পারপেল, ফ্যামিলি ফ্যাশন, ইমা গার্মেন্টস ও শম্পা গার্মেন্টসের মতো শোরুমগুলো এবার নিত্যনতুন ডিজাইনের কালেকশন নিয়ে এসেছে। 

সম্প্রতি উদ্বোধন হওয়া বেবিশপ শিশুদের পোশাকে বিশেষ নজর কাড়ছে। ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, কাপড়ের মান অনুযায়ী দাম এবার নাগালের মধ্যেই রয়েছে। ঘাটিয়ার পাড়া এলাকার সহকারী অধ্যাপক সেলীনা আকতার জানান, "সুতি ও উন্নত নকশার পাকিস্তানি জর্জেট এবার বাজারে বেশি চলছে।" অনেকের কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে, এখন চলছে মানাসই জুতো আর কসমেটিকসের খোঁজ।

ব্যবসায়ীদের তথ্যমতে, এবারের ঈদে শুধু পঞ্চগড় জেলা শহরেই প্রায় ৫০ কোটি টাকার উপরে পোশাক বিক্রির সম্ভাবনা রয়েছে। পঞ্চগড় বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ জানান, "পুরো জেলায় এবার ঈদ বাজার একশ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করছি।" শারজা বস্ত্র বিতানের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ জানান, ছেলেদের শার্ট, প্যান্ট ও পাঞ্জাবির পাশাপাশি মেয়েদের থ্রিপিসের ব্যাপক চাহিদা রয়েছে।

কেনাকাটার সমান্তরালে ব্যস্ততা বেড়েছে দর্জিবাড়িগুলোতেও। পছন্দের পোশাক সঠিক সময়ে তৈরি করতে দিন-রাত কাজ করছেন কারিগরেরা। ইমরান টেইলার্সের মালিক ইমরান জানান, চাপ সামলাতে ১৫ রমজানের পর থেকেই নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন তারা। ক্রেতা ও বিক্রেতাদের এই সরগরম উপস্থিতি জানান দিচ্ছে, পঞ্চগড়ে এবার ঈদ আনন্দ পূর্ণমাত্রায় উদযাপিত হতে যাচ্ছে।