মার্চ ১৮, ২০২৬, ০৭:২৫ পিএম
পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানার আওতায় আনা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোয়ালপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ১ হাজার ৫০০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে।
অভিযুক্ত ব্যবসায়ীর নাম মো. বাবুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মেনজী এই অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা গেছে, বাবুল ইসলাম তার ব্যক্তিগত গুদামে আইন বহির্ভূতভাবে সাতটি বড় ড্রামে বিপুল পরিমাণ পেট্রল মজুদ করে রেখেছিলেন। কোনো ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা বা বৈধ লাইসেন্স ছাড়াই জনবহুল বাজার এলাকায় এভাবে দাহ্য পদার্থ রাখা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে মজুদের সত্যতা পাওয়ার পর ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। অনাদায়ে কারাদণ্ডের বিধান থাকলেও তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন ওই ব্যবসায়ী।সহকারী কমিশনার মোহন মেনজী গণমাধ্যমকে জানান, জ্বালানি তেল বিক্রয় ও সংরক্ষণের জন্য নির্দিষ্ট সরকারি নীতিমালা রয়েছে। দাহ্য পদার্থ এভাবে যত্রতত্র মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ।
মূলত একটি অসাধু চক্র বাজারে কৃত্রিম সংকট তৈরি বা অবৈধভাবে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে জ্বালানি তেল সংগ্রহ করে রাখে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জব্দকৃত পেট্রলগুলো পরবর্তীতে বিধি মোতাবেক নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। গভীর রাতে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন