মার্চ ২৯, ২০২৬, ০২:১৮ পিএম
ঠাকুরগাঁও জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে এক ব্যতিক্রমী ও কঠোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে জেলায় মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সংগ্রহ করতে ‘ফুয়েল কার্ড’ প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ৫ এপ্রিল ২০২৬ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন।
সাম্প্রতিক বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তেলের সঠিক বণ্টন নিশ্চিত করা, অপচয় রোধ এবং কালোবাজারি বন্ধ করতেই এই বিশেষ কার্ড প্রথা চালু করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দাদের নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়, সংশ্লিষ্ট পুলিশ স্টেশন বা পৌরসভা থেকে এই ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে।
কার্ড সংগ্রহের জন্য আবেদনকারীকে মূল জাতীয় পরিচয়পত্র (NID), মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশন কার্ড, হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স এবং একটি সচল মোবাইল নম্বর প্রদর্শন করতে হবে। এ ছাড়া যারা অন্য জেলার বাসিন্দা কিন্তু পেশাগত বা অন্য কোনো কারণে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন, তাদের জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় থেকে এই কার্ড সংগ্রহ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী ৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। ৫ এপ্রিল থেকে কার্ড ছাড়া জেলার কোনো পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সরবরাহ করা হবে না। প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, প্রাপ্ত জ্বালানি তেল কোনোভাবেই অন্য কারও কাছে হস্তান্তর বা পুনরায় বিক্রয় করা যাবে না। কেউ এই নিয়মের ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, এই ডিজিটালাইজড মনিটরিং ব্যবস্থার ফলে পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা কমবে। একই সঙ্গে লাইসেন্সবিহীন চালক ও অনিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যাও নিয়ন্ত্রণে আসবে। প্রশাসনের এই সময়োপযোগী সিদ্ধান্তকে সচেতন নাগরিক সমাজ ইতিবাচক হিসেবে দেখলেও, ৪ এপ্রিলের মধ্যে কার্ড সংগ্রহের স্বল্প সময় নিয়ে সাধারণ মানুষের মাঝে কিছুটা উদ্বেগ লক্ষ্য করা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন