এপ্রিল ৩, ২০২৬, ০৪:১৬ পিএম
পঞ্চগড়ে খোলা বাজারে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন করার সময় ৫০ লিটার পেট্রোলসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ধাক্কামারা-মালাদাম সড়কের মর্ডান কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলটি ফেলে চালক দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটিতে সিগারেট কোম্পানির গাড়ির মতো বিশেষ বক্স তৈরি করে অত্যন্ত সুকৌশলে পেট্রোল পরিবহন করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ধাওয়া করে মোটরসাইকেলটি আটক করেন।
পরে প্রশাসনকে খবর দেওয়া হলে সদর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ঘটনাস্থলে পৌঁছে তিনটি জারকিনে রাখা প্রায় ৫০ লিটার পেট্রোল ও সংশ্লিষ্ট মোটরসাইকেলটি জব্দ করেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান যে বোদা উপজেলার সুবাহানাকা ফিলিং স্টেশন থেকে অসাধু উপায়ে নিয়মিত জ্বালানি তেল সংগ্রহ করে একটি চক্র খোলা বাজারে চড়া মূল্যে বিক্রি করে আসছিল। ধাক্কামারা এলাকার বাসিন্দা হাবিবুর রহমান হাবিব জানান তিনি বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেল চালককে ধাওয়া করেন। লোকজনের উপস্থিত টের পেয়ে চালক মাঝপথে বাহনটি ফেলে চম্পট দেন। এর পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা প্রশাসনিক পদক্ষেপের দাবি জানান।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা জব্দকৃত পেট্রোল শহরের সেতারা ফিলিং স্টেশনে নিয়ে যান। সেখানে প্রশাসনের তত্ত্বাবধানে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মোটরসাইকেল চালকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে এই পেট্রোল বিক্রি করা হয়। এতে সাধারণ চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির বিরুদ্ধে এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা সংবাদমাধ্যমকে জানান যে জব্দকৃত পেট্রোল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। তিনি আরও বলেন যে নির্দিষ্ট ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল বিক্রির যে অভিযোগ উঠেছে তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে এবং নিয়ম বহির্ভূতভাবে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অসাধু ব্যবসায়ীদের এমন তৎপরতা বন্ধে প্রশাসনের নজরদারি ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন