এপ্রিল ৫, ২০২৬, ০৯:৩৮ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরীর আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ১০ লাখ অনুসারীর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করে গায়েব হয়ে গেছে। আজ রোববার দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই জনপ্রিয় পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মাত্র কয়েক দিন আগে জিলাপির ‘সরকারি রেট’ নিয়ে করা একটি ভিডিওর মাধ্যমে দেশজুড়ে ভাইরাল হওয়া তাজুর পেজটি এভাবে উধাও হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
তাজু মূলত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জিলাপি বিক্রির একটি ভিডিওর মাধ্যমে রাতারাতি পরিচিতি পান। গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তার অতি সাধারণ ও সহজ সরল বাচনভঙ্গিতে ফুটে ওঠায় তা দ্রুত মানুষের মন জয় করে নেয়। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ তার পেজটি বন্ধ হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, গত ২৮ মার্চ থেকে তার ভিডিওটি ব্যাপকহারে ছড়িয়ে পড়ে এবং মাত্র এক সপ্তাহের মধ্যে প্রায় ৮০ লাখ ভিউ অর্জন করে। ভাইরাল হওয়ার আগে তার পেজে অনুসারী ছিল মাত্র ছয় হাজার, যা অবিশ্বাস্যভাবে মাত্র আট দিনের মাথায় ১০ লাখে গিয়ে ঠেকে।
ভাইরাল হওয়ার পর থেকেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তাজুর বাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এবং কনটেন্ট ক্রিয়েটররা ভিড় করতে শুরু করেন। স্থানীয়দের মতে, এই অতি উৎসাহী মানুষের ভিড় তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে এক ধরণের বাড়তি চাপ তৈরি করছিল। এর মধ্যেই আজ হঠাৎ তার প্রধান ফেসবুক পেজটি উধাও হওয়ার খবরটি সামনে এলো। তবে পেজটি ঠিক কী কারণে বন্ধ হয়েছে তা নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও তাজু ভক্তদের দাবি, কারিগরি সমস্যা বা পরিকল্পিত কোনো রিপোর্টের কারণে এমনটা হতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘তাজু ভাই টিম’-এর সমন্বয়ক ও স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে জানিয়েছেন যে, ফেসবুক কর্তৃপক্ষ সাময়িকভাবে ‘তাজু ভাই ২.০’ পেজটি বন্ধ করে দিয়েছে। তবে তারা আশা করছেন খুব দ্রুতই পেজটি পুনরায় সক্রিয় হবে। উল্লেখ্য, তাজুর মানবেতর জীবন যাপনের চিত্র দেখে গত ২ এপ্রিল স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।
এছাড়াও তার পরিবারের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা হিসেবে খাস জমি এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঘর নির্মাণের টিন ও নগদ অর্থ প্রদানের আশ্বাসও দেওয়া হয়েছে। প্রশাসনের সহায়তার মাঝেই এমন বিড়ম্বনা তাজুর ডিজিটাল যাত্রাকে সাময়িকভাবে থমকে দিল।অল্প সময়ে কুড়িগ্রামের মতো প্রান্তিক এলাকা থেকে উঠে আসা একজন সাধারণ মানুষের এমন আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়ার ঘটনা বিরল।
তাজু মূলত ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে ভিডিও বানানো শুরু করলেও জিলাপি কাণ্ড তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। এখন তার বিশাল অনুসারী গোষ্ঠী অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন প্রিয় ‘তাজু ভাই ২.০’ পেজটি আবার ফিরে আসবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পেজটি পুনরুদ্ধারের জন্য কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন