মে ৩, ২০২৬, ১২:১৩ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় মাটির নিচ থেকে ভেসে আসা অদ্ভুত ও বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে। উপজেলার বালীয়াতলী ইউনিয়নের বড় পাড়া গ্রামে গত কয়েক দিন ধরে এই রহস্যময় আওয়াজ শোনা যাচ্ছে। শব্দের উৎস নিশ্চিত হতে না পেরে গ্রামবাসী এখন সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে স্থানীয় কৃষক আশোক আলী মৃধা তাঁর জমিতে গরু চরাতে গিয়ে প্রথম এই শব্দ শুনতে পান। তিনি জানান, মাটির নিচ থেকে হঠাৎ বিকট আওয়াজ আসতে শুরু করলে তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। পরে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলে শব্দের তীব্রতা আরও কয়েক গুণ বেড়ে যায়। একই সঙ্গে মাটির নিচ থেকে বুঁদ বুঁদ আকারের বায়ু বা গ্যাসের মতো কিছুর উপস্থিতি টের পাওয়া যায়।
খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষ উৎসুক হয়ে মাঠে ভিড় জমাতে শুরু করেন। অনেককে কোদাল হাতে মাটি খুঁড়ে শব্দের কারণ খোঁজার চেষ্টা করতে দেখা গেছে। গ্রামবাসী জানিয়েছেন, মাটির নিচ থেকে এমন আওয়াজ স্বাভাবিক নয়। এটি কোনো খনিজ সম্পদ বা প্রাকৃতিক গ্যাসের খনি হতে পারে বলে তাঁরা ধারণা করছেন। অনেকেই অজানা আতঙ্কে পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি অবহিত করেছেন।
পটুয়াখালী সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক আল-আমিন গাজি এই বিষয়ে জানান, মাটির উপরিভাগের কাছে প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা কম থাকলেও এটি মিথেন গ্যাসের উপস্থিতি হতে পারে। যেহেতু পার্শ্ববর্তী জেলা ভোলায় গ্যাসের সন্ধান পাওয়া গেছে, তাই এই স্থানে জীবাশ্ম জ্বালানির কোনো অস্তিত্ব আছে কি না, তা গুরুত্বের সাথে পরীক্ষা করা উচিত।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদিক জানিয়েছেন, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। মাটির নিচে প্রাকৃতিক কোনো সম্পদের অস্তিত্ব আছে কি না, তা নিশ্চিত করতে অধিকতর সার্ভে বা কারিগরি পরীক্ষার জন্য জেলা প্রশাসনের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং উৎসুক জনতাকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন