মে ৯, ২০২৬, ০৫:০৩ পিএম
রাজশাহীর বিভিন্ন এলাকায় গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রোববার (১০ মে) টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কাটার কাজের জন্য রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় থাকা এলাকাগুলো হলো—দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড় এলাকা। সোর্স থেকে উকিলের মোড় আইসোলেটর পর্যন্ত এই ফিডারের আওতায় থাকা গ্রাহকরা বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হবেন।
বিজ্ঞপ্তিতে নেসকো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, লাইনের উন্নয়ন ও সংস্কার কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। নির্ধারিত সময়ের পর কাজ শেষ হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর। কাজ চলাকালীন গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন