শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ০৯:৪৬ এএম

অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ

চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের শ্রমিকদের ওপর হামলার জেরে কুমিল্লা-চাঁদপুর রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বোগদাদ ও আইদি পরিবহনের বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা।

শ্রমিকদের ওপর অতর্কিত এই হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন।হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, স্কুল মাঠে রাখা বাসগুলোতে থাকা শ্রমিকদের ওপর অন্ধকার রাতে একদল দুর্বৃত্ত হামলা চালায়। 

এ সময় ১৫টি বাস ভাঙচুর করা হয় এবং শ্রমিকদের মারধর করা হয়। স্থানীয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন, হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়েছে।হামলার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।

বোগদাদ পরিবহনের সুপারভাইজাররা জানান, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় না আনা পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।