মে ২৫, ২০২৬, ১২:৪০ পিএম
সাতক্ষীরা জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। সোমবার ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।
হাসপাতালের চিকিৎসকদের তথ্য অনুযায়ী, রাত ৪টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান জানান, রাত সাড়ে তিনটার দিকে কারাগার থেকে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
গত বছরের ডিসেম্বর মাসে একটি বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানতে কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।
নিহতের পরিবারকে বিষয়টি কারা কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হয়েছে।আব্দুল লতিফের বিরুদ্ধে বিগত সরকারের সময়কার আটটি হত্যা ও নাশকতার মামলা ছিল। পুলিশের ভাষ্যমতে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানিয়েছেন, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কারাগারে থাকাকালীন তার মৃত্যুতে স্থানীয় অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে রাখা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন