রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চাঁদপুরে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে থাকা লঞ্চে আরেক লঞ্চের ধাক্কা, আহত ১০

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৯:১৮ পিএম

চাঁদপুরে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে থাকা লঞ্চে আরেক লঞ্চের ধাক্কা, আহত ১০

চাঁদপুর ঘাটে দুই লঞ্চের সংঘর্ষ

চাঁদপুর লঞ্চঘাটে ঝড়ের কবলে পড়ে দুই যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ঢাকা থেকে আসা ‘ঈগল-৭’ লঞ্চটিকে ঘাটে থাকা অবস্থায় আরেকটি লঞ্চ ‘ময়ূর-২’ ধাক্কা দেয়। আকস্মিক এই ঘটনায় লঞ্চ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও নৌ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঝড় শুরুর পর যাত্রীরা প্রাণ বাঁচাতে মালামাল ও ব্যাগ রেখেই দ্রুত নামার চেষ্টা করেন। 

এই বিশৃঙ্খলার মধ্যে নারী ও শিশুসহ ১০ যাত্রী আহত হন। নৌ পুলিশ, কোস্টগার্ড ও রেড ক্রিসেন্ট সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

প্রায় তিন ঘণ্টা ঘাটে যাত্রীবাহী লঞ্চ চলাচল ব্যাহত হয়েছে।চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল ইসলাম নিশ্চিত করেছেন যে ঝড় শুরুর সময় থেকেই উদ্ধারকারী দল ঘাটে দায়িত্ব পালন করছিল। 

চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনেছেন। বৈরী আবহাওয়ার মধ্যেও অতিরিক্ত যাত্রী পরিবহন ও ঝুঁকির বিষয়ে তিনি যাত্রীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।লঞ্চঘাট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।