রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

লালগালিচা সংবর্ধনায় বিদায় নিল ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৬, ২০২৬, ০৯:৫৭ এএম

লালগালিচা সংবর্ধনায় বিদায় নিল ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে এক রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় লালগালিচা সংবর্ধনা ও রঙিন ধোঁয়ার আবহ তৈরি করে মহিষটিকে ক্রেতার হাতে তুলে দেন খামারিরা। সাতশ কেজি ওজনের এই এলভিনো জাতের মহিষটির বিদায়ের মুহূর্তে সেখানে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে মিশ্র আবেগের সৃষ্টি হয়।

এটি কোরবানির পশুর বিদায়ে নজিরবিহীন এক আয়োজন ছিল।নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত ফার্মের খামারিরা দুপুরের পর থেকেই মহিষটিকে সাজানোর প্রস্তুতি শুরু করেন। 

গোসলের পর রাজকীয় পোশাক পরিয়ে লালগালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয় তাকে। মহিষটির গায়ের সোনালি চুল ও চোখের গঠনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিল থাকায় এর নামকরণ করা হয়েছিল। গণমাধ্যমে এই নাম প্রচারের পর মহিষটি দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি পায়।বিশ্বের অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে এই মহিষটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

কোরবানির প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির অনেক আগেই মহিষটি ক্রয় করেছিলেন। প্রতিদিন শত শত মানুষ এই তারকা মহিষটিকে দেখতে খামারে ভিড় করতেন। তার যত্ন নিতে খামারিরা দিনে চারবার গোসলসহ বিশেষ পরিচর্যা করতেন। খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানালেন, মহিষটিকে বিদায় জানানো তাদের জন্য কিছুটা কষ্টসাধ্য হলেও কোরবানির ত্যাগের মহিমা সামনে রেখে তারা তা পালন করেছেন।ক্রেতা সামির এখন মহিষটিকে নিজ এলাকায় নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।

নিজ এলাকার মানুষেরাও মহিষটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নারায়ণগঞ্জের এই ভাইরাল মহিষটি এখন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। ব্যতিক্রমী এই বিদায় আয়োজনটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার নতুন জন্ম দিয়েছে।এটি একটি বিদায় সংবর্ধনার অনন্য উদাহরণ হয়ে থাকল।