মে ২৭, ২০২৬, ০৬:১৪ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় শিশুর মৃত্যুর ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের মারধরের শিকার হয়েছেন জেলা পুলিশের ডিএসবি শাখার কনস্টেবল ফরিদুল ইসলাম। এই ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করার পর আসামিরা ক্ষিপ্ত হয়ে পাল্টা অভিযোগ দায়ের করেছেন।
অপরাধ ঢাকতে স্থানীয় এক ইউপি সদস্যের নেতৃত্বে আপোশের নাটক সাজিয়ে উল্টো জেলা পুলিশ সুপার বরাবর এই লিখিত অভিযোগ দেওয়া হয়।গত ১৯ মে দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকায় মহাসড়ক অবরোধের ছবি তুলতে গিয়ে এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা ওই সময় ফরিদুল ইসলামের মোবাইল, মানিব্যাগ ও ব্যাংকের কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়েছিল। ভুক্তভোগী কনস্টেবল জানান, ঘটনার পর ২২ মে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে থানায় মামলা করার পর থেকেই আসামিরা মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।
অভিযুক্ত ইউপি সদস্য উমাপদ রায় টাকা দিয়ে আপোশের দাবি করলেও তার কোনো প্রমাণ বা অডিও-ভিডিও রেকর্ড দেখাতে পারেননি। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।থানা পুলিশের গাফিলতির কারণে এজাহার জমা দেওয়ার তিন দিন পর মামলা নথিভুক্ত হয় বলে অভিযোগ উঠেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন