রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ দেখতে মানুষের ভিড়

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ১১:২৪ এএম

চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ দেখতে মানুষের ভিড়

সোনালি চুলের গুচ্ছ আর ৭০০ কিলোগ্রাম ওজনের সুঠাম গড়নের একটি অ্যালবিনো মহিষ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প নামের বিরল প্রজাতির এই প্রাণীটিকে দেখতে তীব্র গরমের মাঝেও দর্শনার্থীরা ভিড় করছেন।আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য পশুটি বিক্রি করা হয়েছিল।

ঢাকার উপকণ্ঠের এক খামারি প্রথম লক্ষ্য করেন যে মহিষটির মাথার চুলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চুলের বেশ মিল রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক সাড়া পড়ে যায়। 

পরবর্তীতে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মহিষটিকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন এবং ক্রেতার টাকা ফেরত দেওয়া হয়।

চিড়িয়াখানায় প্রাণীটির বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। কর্মীরা এর চুল একপাশে আঁচড়ে দিচ্ছেন এবং ঠান্ডা রাখতে পানি ছিটানোর পাশাপাশি ফ্যানেরও ব্যবস্থা করেছেন। বেষ্টনীর কাছে মোবাইল ফোনে ভিডিও ধারণের পাশাপাশি অনেকেই সন্তানদের কাঁধে তুলে দিচ্ছেন মহিষটিকে একনজর দেখানোর জন্য।প্রদর্শনীর শুরুতে মহিষটির খাঁচায় একটি সাইনবোর্ড থাকলেও পরে তা সরিয়ে নেওয়া হয়।গত শনিবার চিড়িয়াখানার কিউরেটরকে চাকরিচ্যুত করা হলেও এর কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। বিশ্বের প্রভাবশালী একজন নেতার নামে পশুর এমন নামকরণকে অনেকেই সুরুচিসম্মত বা সঠিক মনে করছেন না।

চিড়িয়াখানায় আসা দর্শনার্থী মোহাম্মদ জয়নাল আবেদীন একে অসম্মানজনক বলে মন্তব্য করেছেন। তবে মোহাম্মদ নাসিম নামের আরেক শিক্ষার্থীর মতে, যুক্তরাষ্ট্রের নেতার মতো প্রাণীটিও এখন বিশেষ মনোযোগ ও যত্নের মাঝে বিলাসবহুল জীবন কাটাচ্ছে। যশোর থেকে আসা আরেক দর্শনার্থী মূলত ফেসবুকের খবর শুনেই মহিষটিকে নিজ চোখে দেখার জন্য ছুটে এসেছেন।

তথ্যসূত্র: এপি