রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক

রবিউল এহ্সান রিপন

জুন ৫, ২০২৬, ০৭:৪১ পিএম

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের বাংরোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় প্রতারকদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা, নগদ অর্থ এবং ডলার সংরক্ষণের কাজে ব্যবহৃত একটি কাঠের বক্স জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।অভিযানের সময় ডলার সংক্রান্ত প্রতারণামূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে রয়েছে মানিক হোসেন, হাবিবুর রহমান, আশরাফুল ইসলাম, মনোয়ার হোসেন এবং মোহাম্মদ মোখলেছ।

দীর্ঘদিন ধরে তারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।স্থানীয় সূত্রে জানা যায়, চক্রটি বিদেশি মুদ্রা ও পুরাতন ডলার কেনাবেচার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলত। তারা দীর্ঘদিন ধরেই এই প্রতারণার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

তদন্ত অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।