রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এমপিওভুক্তি ও বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদাযয়ি শিক্ষকেরা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৩:৪৬ পিএম

এমপিওভুক্তি ও বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদাযয়ি শিক্ষকেরা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিও বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষকেরা। গত রোববার সকাল থেকে কাফনের কাপড় পরে তারা এই কর্মসূচি শুরু করেন।

এর আগে গত ২১ মে থেকে টানা কয়েকদিন অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শিক্ষকেরা। কিন্তু দাবি আদায়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় গতকাল থেকে তারা আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেন। 

সংগঠনের আহ্বায়ক মাওলানা শামসুল হক আনছারীর সভাপতিত্বে ও সদস্যসচিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল হান্নান হোসেনের নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষকেরা এই অনশনে অংশ নিচ্ছেন।শিক্ষকদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তির আলোকে গত বছর জুলাই মাসের মধ্যে এমপিওভুক্তির আবেদন করা হয়েছিল। কিন্তু প্রায় ১০ মাস পার হলেও একটি প্রতিষ্ঠানও এমপিওভুক্ত করা হয়নি।

একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন থাকা সত্ত্বেও জানুয়ারি ২০২৬ থেকে বেতন-ভাতা ছাড় করা হয়নি। এতে প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অনশনরত শিক্ষকদের দাবি, যতদিন পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া না হবে, ততদিন পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন।