শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ ও পুলিশি হামলার প্রতিবাদে নীলফামারীতে কর্মসূচি

শহিদুল ইসলাম

জুন ৯, ২০২৬, ০১:০৫ পিএম

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ ও পুলিশি হামলার প্রতিবাদে নীলফামারীতে কর্মসূচি

ছবি-দিনাজপুর টিভি

ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মো. খুরশিদ আলমের অপসারণ এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে নীলফামারীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ নীলফামারী জেলা শাখার উদ্যোগে ব্যাংকের স্থানীয় শাখা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে ফোরামের যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিকী, সদস্য সচিব আরিফ আল মামুন, সদস্য মাওলানা নাজমুল হুদা ও নুর মোহাম্মদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সঞ্চালনা করেন সদস্য ময়নুল ইসলাম।

বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসরদের কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা বলেন, “শত প্রতিকূলতা সত্ত্বেও গ্রাহকরা ব্যাংকের আমানত রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। লুটেরাদের হাতে গ্রাহকদের কষ্টার্জিত অর্থ তুলে দিতে আমরা রাজি নই।” 

অবিলম্বে খুরশিদ আলমের নিয়োগ বাতিল করার দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন যে, দাবি পূরণ না হলে নীলফামারীসহ সারাদেশে গ্রাহকরা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।উল্লেখ্য, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে খুরশিদ আলমের পদত্যাগ ও ব্যাংকের আমানত সুরক্ষার দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন চলছে। নীলফামারীর এই কর্মসূচি থেকে গ্রাহকরা তাদের আমানত রক্ষায় এবং ব্যাংকটির বর্তমান পর্ষদ পুনর্গঠনের জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।