বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

গাজীপুরে পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৬:০১ পিএম

গাজীপুরে পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা বন্ধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কারখানার পঞ্চম তলার সুইং সেকশনে এ ঘটনা ঘটে।কারখানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুইং সেকশনে এক নারী শ্রমিক প্রথমে মাথা ঘুরে পড়ে যান। 

এরপর খুব অল্প সময়ের মধ্যে সেখানে থাকা অন্য শ্রমিকদের মধ্যেও বমি, পেটব্যথা ও মাথা ঘোরার উপসর্গ দেখা দেয়। অসুস্থ শ্রমিকদের দ্রুত মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবুল হোসাইন জানান, অর্ধশতাধিক শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অধিকাংশই নারী। অনেকের অবস্থার উন্নতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, তবে কয়েকজন এখনো পর্যবেক্ষণে আছেন।

শ্রমিকদের মধ্যে আতঙ্ক বাড়ার কারণ হিসেবে গত ২৫ জুনের একটি ঘটনার কথা উঠে এসেছে। সেদিন লিজা আক্তার নামের এক শ্রমিক কর্মরত অবস্থায় মারা গিয়েছিলেন। সেই ঘটনার রেশ না কাটতেই একই ফ্লোরে নতুন করে শ্রমিকদের অসুস্থ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শ্রমিকরা। এদিকে, ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনকালে এক সংবাদকর্মীর মোবাইল ফোন কারখানা কর্তৃপক্ষ কেড়ে নিয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। পরে অবশ্য তা ফেরত দেওয়া হয়। কারখানার প্রশাসনিক কর্মকর্তা সঞ্জীব কুমার দে জানান, এটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে এবং অসুস্থদের চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঁইয়া জানান, শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অসুস্থ হওয়ার কারণ অনুসন্ধানে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।