রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

সাজেকে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৮:৩২ পিএম

সাজেকে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

দুর্যোগপূর্ণ আবহাওয়া, টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের ঝুঁকির কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাঙামাটিতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় ভূমিধস ও পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে এবং কয়েকটি স্থানে সড়ক যোগাযোগ বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে প্রয়োজন ছাড়া ভ্রমণ থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।