জুলাই ১০, ২০২৬, ০৬:২৮ পিএম
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এরই মধ্যে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গিয়ে মিরাজ ও আশিক নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারচড়া ইউনিয়নের পৃথক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।শিশু দুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আশিক দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে এবং অপর শিশু মিরাজ বাহারচড়া ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে দুই শিশু বাড়ির উঠানে বের হলে পূর্ব দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তারা ভেসে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশু দুটির মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বন্যার পানির তীব্র স্রোতের সময় শিশুদের নিরাপদে রাখতে অভিভাবকদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।
এদিকে টানা ছয় দিনের বন্যায় বাঁশখালীর পরিস্থিতি আরও অবনতির দিকে। অধিকাংশ এলাকা তলিয়ে যাওয়ায় বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বন্যাদুর্গত বাঁশখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন