জুলাই ১১, ২০২৬, ০৪:০৪ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বৈদ্যনাথ (৪৪) নামে এক প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে দেবীগঞ্জ থানায় শিশুটির পরিবার একটি মামলা দায়ের করেছে। মামলার পর অভিযুক্ত পালিয়ে গেলেও শুক্রবার রাতে বোদা উপজেলার ময়দানদিঘী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত বৈদ্যনাথ দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই বিকেলে শিশুটি বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় প্রতিবেশী বৈদ্যনাথ তাকে চকলেট ও ফলমূল দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতবাড়ির শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি। পরে ভুক্তভোগী শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়।
শিশুটির পরিবার জানায়, বাড়িতে ফিরে সে তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে পরের দিন তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া জানান, এজাহার পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে খুব দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন