বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০৪:২৩ পিএম

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

বগুড়ায় পূর্ব শত্রুতার জের ধরে আতিকুর রহমান সাগর মন্ডল নামের এক সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ছাব্বিশ বছর বয়সী সাগর মন্ডল শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।নিহতের পরিবারের ওপরও হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সাগর মন্ডল দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে নিজ বাড়ি ছেড়ে স্ত্রী মারজিয়া খাতুনকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। বুধবার রাত আড়াইটার দিকে পরিবারের সদস্যরা যখন রাতের খাবার খাচ্ছিলেন, তখন সাগর উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বাড়ির বাইরে হইচই শুনে তার স্ত্রী ঘর থেকে বের হন। এ সময় বিশ থেকে পঁচিশ জনের একটি দল টিনের গেট ভেঙে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে সাগরকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

জীবন বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে সাগর রাস্তায় পড়ে যান। পরিবারের আর্তনাদে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ আলম গণমাধ্যমকে জানান যে প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শাপলা নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের বিরুদ্ধে মারামারি ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং অপরাধে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।