রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে দেশি মদ উদ্ধার

মো: মামুনুর রশিদ

জুলাই ২৯, ২০২৬, ১১:২৮ এএম

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে দেশি মদ উদ্ধার

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালান, মাদক, মানব পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীটি নিয়মিত সফল অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশি মদ জব্দ করেছে বিজিবি।

সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ মাদক চোরাচালান রোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা যায়, ২৯ জুলাই দিবাগত রাতে অর্থাৎ বুধবার ভোরে ব্যাটালিয়নের অধীনস্থ চান্দেরহাট বিওপির একটি বিশেষ টহল দল পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তে এই অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ৩৩৪ থেকে আনুমানিক আটশ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দোহর নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ত্রিশ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

রাতের আঁধারে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পলাতক মাদক ব্যবসায়ীদের দ্রুত শনাক্ত করতে এবং তাদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান যে, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও সকল প্রকার চোরাচালান সম্পূর্ণ প্রতিরোধে বিজিবির এমন কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ বিজিবির এই সাহসী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।