রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ড. সাব্বির মোস্তফা খান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০২:৫৩ পিএম

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ড. সাব্বির মোস্তফা খান

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

রাজধানীতে নিরাপদ পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার মতো বড় চ্যালেঞ্জের সময়ে ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান। 

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন অনুযায়ী তাকে তিন বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এটি শুধু প্রশাসনিক পরিবর্তন নয়; বরং পানি সম্পদ ব্যবস্থাপনা, নগর ড্রেনেজ ও জলবায়ু অভিযোজন বিষয়ে দীর্ঘ গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞের হাতে ঢাকা ওয়াসার নেতৃত্ব অর্পণ করা হয়েছে। ড. সাব্বির মোস্তফা খানের প্রায় তিন দশকের কর্মজীবনের বড় অংশ কেটেছে পানি সম্পদ, নদী ব্যবস্থাপনা, বন্যা ও নগর ড্রেনেজ নিয়ে গবেষণা এবং প্রকৌশল শিক্ষায়।

তিনি ১৯৯৬ সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরে একই বিশ্ববিদ্যালয় থেকে পানি সম্পদ কৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় স্নাতকোত্তর এবং পরে পিএইচডি সম্পন্ন করেন। ১৯৯৭ সালে বুয়েটে প্রভাষক হিসেবে যোগ দিয়ে ধাপে ধাপে অধ্যাপক পদে উন্নীত হন তিনি।