সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু, ৮ জনের বিরুদ্ধে মামলা

আবু সালেহ মোঃ রায়হান

আগস্ট ১৪, ২০২৬, ০৬:০৬ পিএম

পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু, ৮ জনের বিরুদ্ধে মামলা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নবনির্মিত একটি সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বাবুরাম দেবসিংহ নামে এক রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের জামুড়িতলী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শ্রমিকের চাচা বাদী হয়ে বাড়ির মালিকসহ আটজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।নিহত বাবুরাম পেশায় রাজমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে সংস্কার কাজের জন্য বাবুরাম ও তার সহকর্মীদের ডেকে আনা হয়। ট্যাংকটি দীর্ঘ সময় বন্ধ থাকায় ভেতরে বিষাক্ত গ্যাস জমে ছিল, কিন্তু কোনো ধরনের সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা ছাড়াই শ্রমিকদের ভেতরে নামানো হয়। ট্যাংকের ভেতরে প্রবেশের পরপরই বাবুরাম বিষাক্ত গ্যাসের কবলে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ সময় গৌতম চন্দ্র রায় নামে আরও এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন, যাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিহতের পরিবারের অভিযোগ, বাবুরাম অসুস্থ হওয়ার পর তাকে উদ্ধারে তাৎক্ষণিক কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো মৃত্যুর পর তার মরদেহ অটোভ্যানে করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া জানান, নিহতের চাচার করা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।অভিযুক্তদের বক্তব্য গ্রহণ ও তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।