সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

বগুড়ায় চালু হলো নারীদের বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ০৪:৩৬ পিএম

বগুড়ায় চালু হলো নারীদের বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’

ছবি : সংগৃহীত

বগুড়ার নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বা বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গোলাপি রঙের এই বাসে চালক থেকে শুরু করে কন্ডাক্টর ও সহকারী—সবাই নারী। মঙ্গলবার সকালে বগুড়া বিআরটিসি বাস ডিপোর ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এই পরিবহন সেবার উদ্বোধন করা হয়।বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার সূচনা করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। সংসদ সদস্য জানান, ঢাকা ও চট্টগ্রামের পর বগুড়ায় এই সার্ভিস চালু করা হলো এবং পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগ ও জেলা শহরে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এটি সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ।বিআরটিসি সূত্রে জানা গেছে, আপাতত বগুড়ার দুটি রুটে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিশেষ বাসগুলো চলাচল করবে। 

রুট দুটি হলো শেরপুর-মাটিডালি এবং মোকামতলা-বনানী। প্রজ্ঞাপন অনুযায়ী, নন-এসি এই বাস দুটির ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। বাসগুলোর চালক, কন্ডাক্টর ও হেলপার হিসেবে বিআরটিসির স্থায়ী নারী কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে, যারা পেশাগত দক্ষতার মাধ্যমে এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।নারী চালক খাদিজাতুল কোবরা জানান, এই বিশেষ বাসে নারী চালক ও স্টাফ হিসেবে দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত। 

তিনি মনে করেন, এটি বগুড়ার অন্য নারীদের জন্যও এই পেশায় আসার ক্ষেত্রে একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। নারী যাত্রী রুমানা ও নাজমা আক্তারের মতো স্থানীয় বাসিন্দারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সাধারণ গণপরিবহনে নারীরা প্রায়ই যে হয়রানি ও ভোগান্তির শিকার হন, নতুন এই সার্ভিসের ফলে তা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।

বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম জানান, যাত্রীদের চাহিদা ও সাড়া বৃদ্ধি পেলে মন্ত্রণালয়ে আরও বাস বরাদ্দের আবেদন জানানো হবে। বর্তমানে বিআরএসপি প্রকল্পের আওতায় প্রশিক্ষিত নারী চালকদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। নারীদের যাতায়াত নিরাপত্তা ও পরিবহনের মতো চ্যালেঞ্জিং পেশায় তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।