রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

খাগড়াছড়িতে প্রবল বর্ষণে প্লাবিত নিম্নাঞ্চল

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ০১:০৯ পিএম

খাগড়াছড়িতে প্রবল বর্ষণে প্লাবিত নিম্নাঞ্চল

খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত

খাগড়াছড়িতে মধ্যরাতে শুরু হওয়া প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং পাহাড় ধসের কারণে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। গত শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাইনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দীঘিনালার মেরুং, কবাখালি ও বেয়োলখালি এলাকার নিচু অঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে।

অনেক এলাকায় পানি বেড়ে যাওয়ায় ঘরবাড়িতে পানি ঢুকে স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছেছে।আকস্মিক ভারী বর্ষণে বিস্তীর্ণ আমনের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। দীঘিনালা-মেরুং সড়কের কিছু অংশ প্লাবিত হয়েছে। এছাড়া পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। মেরুং ও কবাখালি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাতের অন্ধকারে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় তাদের ঘরবাড়ি ডুবে গেছে। নিচু এলাকার ছড়াগুলো দিয়ে প্রচুর পানি প্রবাহিত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার জানিয়েছেন, সড়কের ৫ মাইল ও ৯ মাইল এলাকায় বড় ধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মাটি সরানোর কাজ শুরু হয়েছে এবং দ্রুততম সময়ে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তার বিষয়েও সমন্বয় করা হচ্ছে।