বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলে বাড়ছে মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৫, ২০২৬, ০৩:৫১ পিএম

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলে বাড়ছে মৃত্যু

রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল ও কাঠামোগত দুর্বলতার কারণে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে। পর্যাপ্ত ও সুষ্ঠু গণপরিবহনের তীব্র সংকটের সুযোগ নিয়ে এই ঝুঁকিপূর্ণ বাহনগুলো শহরের মূল সড়কে উঠে আসায় যানজট যেমন বাড়ছে, তেমনি প্রাণহানির ঘটনাও প্রতিনিয়ত ঘটছে। এর পাশাপাশি যত্রতত্র গড়ে ওঠা অবৈধ চার্জিং স্টেশনের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুতের অপচয় হচ্ছে, যা জাতীয় গ্রিডে বাড়তি চাপ তৈরি করছে।

সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনগুলোর তথ্যমতে, চলতি বছরের প্রথম সাড়ে ছয় মাসেই থ্রি-হুইলার বা ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ৬৬৮ জনের প্রাণহানি ঘটেছে।রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর এই ধরনের বিভিন্ন তিন চাকার যানের দুর্ঘটনায় মোট এক হাজার ৮৬৫ জন যাত্রী নিহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ধারণা অনুযায়ী, বর্তমানে সারা দেশে আনুমানিক ৮০ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে, যার মধ্যে কেবল ঢাকাতেই রয়েছে প্রায় ১৮ থেকে ২০ লাখ। 

সেন্টার ফর পলিসি ডায়লগ বা সিপিডির তথ্যমতে, এসব রিকশার জন্য ঢাকায় অনুমোদিত চার্জিং স্টেশন রয়েছে মাত্র তিন হাজার ৩০০টি, অথচ অবৈধ স্টেশনের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ হাজার ১৩৬টি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা বলছেন, প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় চলা এসব যানের কাঠামোগত নিরাপত্তার অভাব এবং চালকদের যথাযথ প্রশিক্ষণ না থাকায় সড়কে চরম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

নিয়মনীতির কোনো তোয়াক্কা না করে এলোমেলোভাবে চলাচল করা এসব যানকে একটি নির্দিষ্ট শৃঙ্খলায় আনতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নতুন করে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সিটি করপোরেশন ও পৌরসভার মাধ্যমে অচিরেই এসব রিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ভবিষ্যতে এগুলোকে সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করার বাধ্যতামূলক শর্ত জুড়ে দেওয়ার বিষয়েও সরকার গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছে বলে তিনি জানান।