সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৫:৫৭ পিএম
রাজধানীর শেরেবাংলা নগর এলাকার মানিক মিয়া এভিনিউয়ে চলন্ত রিকশা থেকে ব্যাগ টেনে ফেলে দিয়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনকে হত্যার ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল, নিহতের লুণ্ঠিত হাতব্যাগ এবং ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মো. খোকন ও মো. রাজিব মাতুব্বর।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, গত ২৯ আগস্ট সকালে ৫৬ বছর বয়সী প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন তাঁর স্বামীর সাথে রিকশায় চড়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন। মানিক মিয়া এভিনিউর ১২ নম্বর গেট পেরিয়ে খেজুর বাগান এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী তাদের পিছু নেয়। একপর্যায়ে চলন্ত বাইকের পেছনে বসে থাকা খোকন শিক্ষিকার হাতের ব্যাগে সজোরে হ্যাঁচকা টান দিলে তিনি রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বর্বরোচিত এই হত্যাকাণ্ডের পর নিহতের স্বামী মো. আব্দুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে। পরবর্তীতে ঢাকা, সাভার ও মিরপুরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে খোকন ও রাজিবকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে রাজিবের কাছ থেকে ৬২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আসামিদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে মিরপুরের বড়বাগ এলাকা থেকে নিহতের ব্যাগ, মিরপুর এক নম্বরের কো-অপারেটিভ মার্কেট থেকে মোবাইল ফোন এবং ভাষানটেকের দেওয়ান পাড়া থেকে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাই ও হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন