সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৬:৪২ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। পরবর্তীতে বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা এস এম হুমায়ূন কবির উজ্জলের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিখোঁজ হওয়া আল আমিনের ঘটনায় দায়ের করা মামলা, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনি এজাহারভুক্ত অন্যতম আসামি হিসেবে অভিযুক্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এসব মামলায় তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসভবনে অভিযান চালিয়ে দুপুরে তাকে গ্রেফতার করা হয় এবং বিকেলেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন