বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
শিক্ষা প্রশাসন

শিক্ষার্থীদের বিক্ষোভ ও অনিয়মের অভিযোগে নাটোরে প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৮:৪৮ পিএম

শিক্ষার্থীদের বিক্ষোভ ও অনিয়মের অভিযোগে নাটোরে প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে

অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনাসহ নানা অভিযোগে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছেন জেলা প্রশাসক।

বুধবার সকাল থেকেই শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণ ও বিচার দাবি করে তাঁর কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বোর্ড ফি যথাক্রমে ২৩৩ ও ২৮২ টাকা নির্ধারিত থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক ৩০০ ও ৪০০ টাকা আদায় করা হয়েছে।

এছাড়া সাড়ে ৯ টাকার টিফিন সরবরাহ করে ১৮ টাকা মূল্যের টিফিন লিখে ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করার গুরুতর অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা। পাশাপাশি ক্রীড়া ফান্ড ও আইসিটি ফান্ডের অর্থের অনৈতিক ব্যবহারের অভিযোগও আনা হয়।

পরে নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আক্তারের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক জাসমিন আক্তার বলেন, তাঁর বিরুদ্ধে আনা অনিয়মের সব অভিযোগ সম্পূর্ণ সঠিক নয়। কারো ইন্ধনে শিক্ষার্থীরা এই আন্দোলন করেছে বলে দাবি করে তিনি জানান যে জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক তিনি বর্তমানে ছুটিতে এসেছেন।

নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করাসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ তুলে শিক্ষার্থীরা আন্দোলন ও অপসারণ দাবি করেছিল। এরই পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করাসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অনির্দিষ্টকালের ছুটি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি পূরণ হওয়ায় তারা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে।