সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৪:২৯ পিএম
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে দেশের সাত শতাধিক পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে সেনা মোতায়েনের দাবি করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, এরই মধ্যে দেশের পাঁচটি জেলায় পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। তারা আশঙ্কা করছেন যে, এবার ৭০০টির বেশি পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে সাতক্ষীরার ৫৫টি মণ্ডপের পাশাপাশি কুমিল্লা, গাজীপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহীর মতো প্রায় প্রতিটি জেলাতেই ঝুঁকিপূর্ণ মণ্ডপ রয়েছে।
সংবাদ সম্মেলন থেকে ঝুঁকিপূর্ণ মণ্ডপে সিসি ক্যামেরাসহ পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা এবং সেনা মোতায়েনের দাবি জানানো হয়। নেতারা বলেন, "অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে পাহারা দিতে হয় না, তাহলে আমাদের প্রতিমা কেন পাহারা দিতে হবে? এটি বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জন্মগত অধিকার।"
পূর্বের আট দফা দাবির পাশাপাশি এই সংবাদ সম্মেলনে তারা নতুন করে চারটি দাবি তুলে ধরেন: ১. চিন্ময় দাসের মুক্তি বা জামিন নিশ্চিত করা। ২. দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণা। ৩. ৩৩ হাজার ৫০০ পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের নিশ্চয়তা। ৪. সনাতনী সম্প্রদায়কে রাষ্ট্রের বিভিন্ন কমিশন ও মন্ত্রণালয়ে নিয়োগের ব্যবস্থা করা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন