সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৬:৩৬ পিএম
লক্ষ্মীপুরে মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাতের জন্য তার পালক পিতা নিজেকে জন্মদাতা হিসেবে পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তির বিধবা স্ত্রী। মৃত শাহ আলমের পালক পিতা সিরাজ মিয়া এই প্রতারণা করছেন বলে অভিযোগ উঠেছে। সম্পত্তি দখলের উদ্দেশ্যে তিনি শাহ আলমের বিধবা স্ত্রী হালিমা আক্তারের বিরুদ্ধে মামলা করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে হালিমা লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে সিরাজ মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, মৃত শাহ আলমের জন্মদাতা পিতা ছিলেন আব্বাছ উদ্দিন। শাহ আলমের জন্মের পর তার মায়ের সঙ্গে আব্বাছের বিবাহ বিচ্ছেদ ঘটে।
এরপর শাহ আলমের মা শাহিদা বেগম সিরাজ মিয়াকে দ্বিতীয় বিয়ে করেন। ২০০০ সালে আব্বাছ উদ্দিন মারা গেলে জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নথিতে শাহ আলমের বাবার নামের স্থানে সিরাজের নাম উল্লেখ করা হয়।২০২৩ সালের ১৬ নভেম্বর শাহ আলম মারা যাওয়ার পর তার জাতীয় পরিচয়পত্রের এই তথ্যের সুযোগ নিয়ে সিরাজ মিয়া সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছেন। একই কারণে সিরাজ পারিবারিক আদালতে হালিমার বিরুদ্ধে মামলা করেছেন।
হালিমা অভিযোগ করেন, “সিরাজ আমার স্বামীর পালিত বাবা, সে হিসেবে তার কোনো সম্পত্তি পাওয়ার অধিকার নেই। কিন্তু তিনি নিজেকে জন্মদাতা দাবি করে আমাকে হয়রানি করছেন।” তিনি আরও বলেন, সিরাজ যে শাহ আলমের পালিত পিতা, তার প্রমাণ হিসেবে তার কাছে ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্রসহ সকল নথিপত্র রয়েছে।
এই বিষয়ে অভিযুক্ত সিরাজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন