সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত মোবাইল ব্যবহার নিষিদ্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১০:৩৪ পিএম

বিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত মোবাইল ব্যবহার নিষিদ্ধ

ছবি - সংগৃহীত

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অল্প বয়সেই শিক্ষার্থীদের হাতে মোবাইল পৌঁছে যাওয়ায় তারা পড়াশোনা থেকে বিমুখ হয়ে পড়ছে। অনলাইন গেম, ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির কারণে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা ভেঙে পড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, "শিক্ষার্থীরা যেন মোবাইল আসক্তি থেকে মুক্ত থাকতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।" তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত কার্যকর করতে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক ভূমিকা রাখতে হবে।

এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে, যেন কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে মোবাইল ব্যবহার করতে না পারে। একই সঙ্গে অভিভাবকদেরও তাদের সন্তানদের মোবাইলের অপব্যবহার রোধে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।