মোঃ মোমিনুল ইসলাম
অক্টোবর ১৪, ২০২৫, ১১:২১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরল উপজেলায় এক অটোচালককে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার ধর্মপুর শালবনে এই ঘটনা ঘটে।
আহত অটোচালকের নাম মো. নভেল (৩০), যিনি দিনাজপুর শহরের সুইহারী খালপাড়া এলাকার বাসিন্দা। আটককৃত দুই যুবক হলেন—দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার শ্রাবণ ইসলাম (৩০) এবং একই এলাকার নভেল (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রাবণ ও নভেল যাত্রী সেজে দিনাজপুর শহর থেকে বিরলের ধর্মপুর শালবন যাওয়ার কথা বলে অটোচালক নভেলের অটোরিকশা ভাড়া করেন। শালবনের নির্জন স্থানে পৌঁছালে তারা অটোচালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে এবং অটোরিকশাটি ছিনতাই করে পালানোর চেষ্টা করে।
এ সময় অটোচালকের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং প্রায় চার ঘণ্টা চেষ্টার পর দুপুর আড়াইটার দিকে বনের ভেতর থেকে ওই দুই ছিনতাইকারীকে আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
আহত অটোচালক নভেলকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিরল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।