অক্টোবর ২৪, ২০২৫, ০৩:২১ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন যে, শেখ হাসিনা পুরো দেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিলেন। তিনি বলেন, জুলাইয়ে যারা আত্মদান করেছেন, তারা দেশকে একটি নতুন গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরায় ‘জুলাই যোদ্ধা’দের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম জানান, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে এই গণতান্ত্রিক ধারার চূড়ান্ত রূপ পাবে। নির্বাচনের বিষয়ে সব দল একমত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশের আপামর জনসাধারণ সবাই এবার ভোট দিতে আসবেন বলে তিনি বিশ্বাস করেন।
অতীতের নির্বাচনের সমালোচনা করে প্রেস সচিব বলেন, এবার মানুষ ভোট দেবে, কারণ গত ১৭ বছর শেখ হাসিনার সময় কেউ ভোট দিতে পারেনি। তিনি অভিযোগ করেন, হাসিনার এমপিরা ঘুষ খেতেন এবং প্রতিটি নির্বাচনে টাকার বিনিময়ে প্রতিনিধি নির্বাচন করা হতো। সেই টাকা রুলিং পার্টির নেতারা নিয়ে নিতেন, যার ফলে সাধারণ জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস এবার একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বারবার বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি দাবি করেন, বর্তমান সরকারের ওপর দেশি বা বিদেশি কোনো চাপ নেই। আওয়ামী লীগ এত মানুষকে খুন করেছে, তবুও তারা অনুতপ্ত নয় বলেও তিনি মন্তব্য করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন