অক্টোবর ২৬, ২০২৫, ০৬:৪৯ পিএম
কুষ্টিয়ায় নামাজ শেষে মসজিদে বক্তৃতার সময় ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় শাহজাহান আলী হান্নান নামে স্থানীয় এক বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার বরতাউল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে।
এই ঘটনার একটি তিন মিনিট ২৯ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় বিকেল সাড়ে চারটার দিকে মুফতি আমির হামজা বক্তৃতা দিচ্ছিলেন। এসময় বরতাউল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ওই মসজিদ কমিটির সভাপতি শাহজাহান আলী হান্নান দাঁড়িয়ে আমির হামজাকে উদ্দেশ্য করে বলেন, 'হুজুর ধার্মিক আলোচনা যত পারেন করেন কিন্তু রাজনৈতিক কোন আলোচনা করবেন না'।
তার এই বক্তব্যের পরই মসজিদে উপস্থিত মুসল্লিদের একাংশ উত্তেজিত হয়ে পড়েন এবং হান্নানের দিকে তেড়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত বিএনপি নেতা শাহজাহান আলী হান্নান জানান, তিনি আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লোকজন তার দিকে তেড়ে আসেন।
তবে হান্নান এও জানান যে, এই ঘটনার জন্য মুফতি আমির হামজা পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন এবং এটিকে একটি ভুল হিসেবে স্বীকার করে নিয়েছেন। প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার তিন আসনে মুফতি আমির হামজাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন