নভেম্বর ৫, ২০২৫, ০৪:৪৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন, খুনি শেখ হাসিনা গত ১৬ বছর ধরে যে ফ্যাসিবাদ কায়েম করেছেন, তাতে সংঘটিত গুম-খুন, নির্যাতন এবং জুলাই মাসের গণহত্যাসহ প্রত্যেকটি হত্যার বিচার স্বাধীন বাংলাদেশে হতে হবে।মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আয়োজনে ‘এক শিক্ষার্থী এক কোরআন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে তিনি দুই হাজার শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেন।
ভিপি সাদিক কায়েম তার বক্তব্যে বলেন, যে কাঠামোর মাধ্যমে হাসিনা একজন ফ্যাসিস্ট হয়ে উঠেছেন, যেসব প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সেসব প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্টের উপাদানগুলোকে দ্রুত দূর করতে হবে। এর জন্য যে রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন, তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এসময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, হাসিনার একটি হত্যার রায়ও এখন পর্যন্ত কার্যকর করতে পারেনি অন্তর্বর্তী সরকার, যা সবাইকে হতাশ করেছে।
তিনি বরিশালের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথা বলেন, বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজ ছাত্র সংসদের নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। ছাত্রশিবিরকে দমনপীড়ন করার জন্য হাসিনা বিভিন্নভাবে মিথ্যা ফ্রেমিং তৈরি করেছেন এবং এর জন্য কালচারাল ফ্যাসিস্টরা সহযোগিতা করেছে বলেও তিনি অভিযোগ করেন। তাদের কাজ ছিল ছাত্রশিবিরকে দানব হিসেবে হাজির করার চেষ্টা করা, কিন্তু এদেশের ছাত্র-জনতা সেই ফ্রেমিং ভেঙে দিয়েছে বলে তিনি দাবি করেন।
ভিপি সাদিক কায়েম আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে, তাদের অপসারণ করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসিনার বিচার, গণহত্যা ও জুলাই সনদ বাস্তবায়ন না করতে পারলে এ জাতি অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ক্ষমা করবে না। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, খুব দ্রুত সময়ের মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হবে এবং নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় হবে, পরাজয়ের কোনো সুযোগ নেই।
তিনি ঐকমত্য কমিশনের প্রস্তাবনা নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করে বলেন, কমিশনের ৮৭টি প্রস্তাবনা এসেছে, এর মধ্যে যেগুলো রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজানোর জন্য দরকার, সেই মেজর সংস্কার প্রস্তাবনাগুলোতে বিএনপি দ্বিমত করেছে। তিনি সতর্ক করে বলেন, বিএনপি যদি রাষ্ট্র সংস্কার না চায় এবং ফ্যাসিবাদী উপাদানগুলোকে রেখে দিতে চায়, তাহলে ছাত্র জনতা সেটা মেনে নেবে না। শিক্ষার্থী ও শহীদদের যে আকাঙ্ক্ষা, তা হলো নতুন বাংলাদেশ বিনির্মাণ করা,
তাই ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করে রাষ্ট্র সংস্কারে যেন সহযোগিতা করা হয়, বিএনপির প্রতি এমন প্রত্যাশা ব্যক্ত করেন ডাকসু ভিপি। অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। পরে সন্ধ্যায় ভিপি সাদিক কায়েম বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজেও একটি অনুষ্ঠানে অংশ নেন। এর আগে মঙ্গলবার সকালে তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি গ্রামে জুলাই অভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত ও দোয়া করেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন