নভেম্বর ৫, ২০২৫, ০৪:৫২ পিএম
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৩ আসন (কোটচাঁদপুর-মহেশপুর) থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন কণ্ঠশিল্পী মনির খান। তিনি সাবেক জাসাস কেন্দ্রীয় নেতা হিসেবে এই আসনে ভোটের মাঠে জোরেশোরে প্রচারণা চালাচ্ছিলেন এবং রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও সরব ছিলেন। সম্প্রতি বিএনপি সারা দেশে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করলে সেখানে ঝিনাইদহ-৩ আসন থেকে মনির খান বাদ পড়েন।
মনোনয়ন বঞ্চিত হলেও কণ্ঠশিল্পী মনির খান ভোটের মাঠ থেকে সরে দাঁড়াননি। বরং তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনির পক্ষে সমর্থন জানিয়েছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে মেহেদী হাসান রনিকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেন এবং শুভকামনা জানান। মনির খানের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ঝিনাইদহ-৩ নির্বাচনি এলাকার সাধারণ ভোটারদের মাঝে ছড়িয়ে পড়ে।
মনির খানের এই সমর্থন বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। ভোটারদের অনেকে মনে করছেন, মনির খান যদি আনুষ্ঠানিকভাবে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারে নামেন, তবে তা নির্বাচনি এলাকায় একটি ভিন্ন উন্মাদনা সৃষ্টি করবে। ইতিমধ্যেই মহেশপুর-কোটচাঁদপুর জনপদে সেই আলোড়ন ছড়িয়ে পড়তে শুরু করেছে।
উল্লেখ্য, মনির খান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সেবার মনোনয়ন না পাওয়ায় অভিমানে সাবেক এই জাসাস নেতা দল থেকে পদত্যাগ করেছিলেন। দীর্ঘ সাত বছর পর তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন এবং ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে মহেশপুর-কোটচাঁদপুর এলাকায় ধানের শীষের হাল ধরার চেষ্টা করছিলেন। কিন্তু এবারও প্রাথমিক তালিকায় তার নাম না থাকায় তিনি তাৎক্ষণিকভাবে দলীয় প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন