সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

লালমনিরহাট পৌর ওলামাদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ১১:০৭ পিএম

লালমনিরহাট পৌর ওলামাদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল, লালমনিরহাট পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।বুধবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে মিশনমোড় সংলগ্ন লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌর ওলামাদলের আহ্বায়ক হাফেজ মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আবদুস সালাম। সম্মেলনের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা ওলামাদলের আহ্বায়ক কাজী মাও. মো. গোলাম মোস্তফা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওলামাদলের সদস্য সচিব মাও. মো. মফিদুল ইসলাম মিন্টু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণতন্ত্রকে হত্যা করে দেশের জনগণের ওপর জুলুম চালিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। পরে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে পালিয়ে যেতে হয়। ওলামাদলকে ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, "ওলামা সমাজ হচ্ছে সমাজের বিবেক। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আলেম-ওলামাদের সম্মিলিত কণ্ঠস্বর অবশ্যই প্রয়োজন। জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে ওলামা সমাজের অগ্রণী ভূমিকা রাখতে হবে।"

জেলা ওলামাদলের আহ্বায়ক কাজী মাও. মো. গোলাম মোস্তফা আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে বলেন, "ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদী আদর্শ সমুন্নত রেখে ওলামাদলের নেতা-কর্মীদের মানুষের পাশে দাঁড়াতে হবে।"সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে সর্বসম্মতিক্রমে পৌর ওলামাদলের আহ্বায়ক হাফেজ মো. রাশেদুল ইসলামকে সভাপতি ও সদস্য সচিব জাহিদুল ইসলাম মিঠুকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী দুই মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে।

উপস্থিত জেলা ও পৌর ওলামাদল এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নতুন কমিটির প্রতি অভিনন্দন জানান এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।