বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
সীমান্তে পুশইন প্রতিরোধ

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির কঠোর বাধায় ব্যর্থ বিএসএফ

আবু সালেহ মোঃ রায়হান

অক্টোবর ৭, ২০২৬, ১০:১০ এএম

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির কঠোর বাধায় ব্যর্থ বিএসএফ

ছবি: দিনাজপুর টিভি

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে সাতজনকে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে শেষ পর্যন্ত তাদের ভারতের অভ্যন্তরেই ফিরে যেতে হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে তারা ভারতে ফেরত যায়।

পুশইনের চেষ্টার শিকার এই সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন। নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ওই সাতজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের গতিবিধিতে বাধা দেন। বিজিবির প্রতিরোধের মুখে তারা সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান নিতে বাধ্য হন।

দিনভর সীমান্ত এলাকায় অবস্থান করার পর রাতে বিজিবির অনড় ও কঠোর অবস্থানের কারণে ওই সাত ব্যক্তি একই সীমান্ত দিয়ে ভারতের ভেতরে ফিরে যেতে বাধ্য হন। এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার ও পুশইনসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।