সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদিকে হত্যাচেষ্টা মামলায় ফয়সালসহ আসামি হলেন যারা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৫:০২ পিএম

হাদিকে হত্যাচেষ্টা মামলায় ফয়সালসহ আসামি হলেন যারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ দেশের একটি গণমাধ্যমকে বলেন, এই মামলায় হত্যার পরিকল্পনা, অর্থের জোগানদাতা ও পৃষ্ঠপোষকতাকারীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনায় জড়িত হিসেবে এ পর্যন্ত তিনজনকে শনাক্ত করা গেছে:ফয়সল করিম মাসুদ ওরফে রাহুল: ইনি ছাত্রলীগ নেতা এবং চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে হাদিকে লক্ষ্য করে গুলি চালান।আলমগীর শেখ: ইনি মোটরসাইকেলটির চালক ছিলেন।রুবেল: ঘটনার আগে হাদিকে অনুসরণকালে (রেকি) এই দুজনের সঙ্গে তিনি ছিলেন। রুবেল আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। এ ঘটনায় একটি সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ।উল্লেখ্য, ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা থেকে নেওয়া হয়েছে।