আতিউর রহমান
নভেম্বর ১১, ২০২৫, ০৯:৩৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক-এর বিরুদ্ধে হীন ষড়যন্ত্র করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিরল উপজেলা ও পৌর শাখা বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার শহীদ মিনার চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ লিখিত বক্তব্য পাঠ করেন।
সুলতান মাহমুদ বলেন, গত ৩ নভেম্বর বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ২৩৭টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণার অংশ হিসেবে দিনাজপুর-২ আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, কেন্দ্র ঘোষিত সিদ্ধান্তকে উপেক্ষা করে বিরল উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. হামিদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কিছু বহিরাগত লোকজন দিয়ে বিএনপি'র প্রার্থীর বিরুদ্ধে হীন ষড়যন্ত্রের পাশাপাশি মানববন্ধন করেছেন।আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দলীয় হাই কমান্ড যাকে মনোনয়ন দিয়েছে, তাঁর বিজয় নিশ্চিত করার জন্য স্থানীয় বিএনপিসহ বিএনপি'র সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুলতান মাহমুদ বলেন, কেন্দ্র ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা বিক্ষোভ করায় আগামী জাতীয় নির্বাচনের ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না।
তিনি সাদিক রিয়াজ চৌধুরীর পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্য তুলে ধরে বলেন, তাঁর পিতা মরহুম অ্যাডভোকেট এ.এফ.এম রিয়াজুল হক চৌধুরী এই আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পাশাপাশি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। তিনি আশাবাদী, যারা এই জনদরদী প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, খুব শীঘ্রই তারা তাদের ভুল বুঝতে পেরে সাদিক রিয়াজ চৌধুরীর বিজয় নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হবেন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকি, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নূর জামাল হোসেন, উপজেলা বিএনপি’র সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোস্তম আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনসমূহের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতৃবৃন্দ।