সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে প্রতারণার শিকার শত শত মানুষ: আইনগত ব্যবস্থার দাবিতে ভুক্তভোগীরা

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১৯, ২০২৫, ০৩:০৭ পিএম

দিনাজপুরে প্রতারণার শিকার শত শত মানুষ: আইনগত ব্যবস্থার দাবিতে ভুক্তভোগীরা

ছবি-দিনাজপুর টিভি

অধিক মুনাফার লোভ দেখিয়ে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আকর্ষণীয় অফার দিয়ে দিনাজপুরের শত শত সাধারণ ও অসহায় মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাওয়া এক প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউস নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের পরিচালক মো. রাকাত আলী ওরফে প্রিন্স ওরফে পলাশ গত এক বছর আগে দিনাজপুরে এসে চারুবাবুর মোড় ডাচ বাংলা ব্যাংকের তৃতীয় তলায় কার্যক্রম শুরু করে।

প্রথমে বিভিন্ন পণ্যের ওপর লোভনীয় অফার দিয়ে তারা গ্রাহক সংগ্রহ করে। ৩ হাজার টাকায় সদস্য হলে ৫ লিটার সয়াবিন তেল ও প্রতি মাসে ১ হাজার টাকা করে লভ্যাংশ প্রদানের লোভ দেখিয়ে সদস্য সংগ্রহ করা হয়।

পরবর্তীতে ৩ হাজারে ১৫ লিটার তেল, ১ লাখে মাসে ৩৫ হাজার এবং ৫ লাখে মাসে ১ লাখ ৭৫ হাজার টাকার মতো অসংখ্য মুখরোচক অফার দিয়ে শত শত গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে গত ১৬ নভেম্বর চক্রটি পালিয়ে গেছে।ভুক্তভোগীরা জানান, এ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও কোনো মামলা দায়ের হয়নি। দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইন চার্জ ভুক্তভোগীদের আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাহীনুর বেগম বলেন, "আমাকে দিনের পর দিন প্রলোভন দেখিয়ে আমারসহ আমার পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।" ভুক্তভোগী লাবনী রাণী রায় বলেন, "ডিলারশিপের নামে আমার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছে।" মিনু নামে আরেক ভুক্তভোগী বলেন, "এক বস্তা চালের সাথে এক বস্তা চাল ফ্রি অফার দিয়ে একদিনে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়।" ভুক্তভোগী জকিয়া সুলতানা বলেন, "আমাকে প্রাইভেট প্রোগ্রামের কথা বলে নার্সারির বাচ্চাদের ভর্তি করিয়ে ৪৩ হাজার এবং সদস্য ভর্তি করিয়ে ৪৫ হাজার ৫শ টাকা হাতিয়ে নেয়।"

ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রিন্স, মাহবুব ও মোস্তফা কামাল আপনের খপ্পরে পড়ে অসংখ্য মানুষ নিঃস্ব ও দিশেহারা। স্বামী-সংসারের অগোচরে তাদের খপ্পরে পড়ে অসংখ্য নারী আজ ঘরছাড়া ও আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। সংবাদ সম্মেলনে প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ভুক্তভোগীরা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোছা: রজিয়া বেগম, হুসনে আরা বিউটি, শাহীনুর আরা, মিনু রানী রায়, লাবণ্য রাণী রায়, রিপন আলী সহ প্রমুখ।