নভেম্বর ২৩, ২০২৫, ০৬:৪৫ পিএম
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দ্রুতগতিতে কাঁচ ভেঙে স্বপ্ন শপিং কমপ্লেক্সের ভেতরে ঢুকে যায়। এই দুর্ঘটনায় চালকসহ মোট দুইজন আহত হয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের উর্ব্বশী হলের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত স্বপ্ন শপিং কমপ্লেক্সে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশা চালক এজাজুল ইসলাম তার গাড়ি নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ অটোরিকশার এক্সিলেটর ডাইরেক হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এর ফলে অটোরিকশাটি সড়কের পাশের শপিং কমপ্লেক্সের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যায়।এতে অটো চালক এজাজুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এ সময় নাজনিন নাহার নামে এক ক্রেতাও আহত হন। তিনি ফুলবাড়ী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা শপিং কমপ্লেক্সে ঢুকে চালকসহ দুইজন আহত হয়েছে— এমন খবর জানা গেছে। তবে এটি বড় ধরনের কোনো দুর্ঘটনা নয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন