রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কাহারোলে সরকার ঘোষিত মূল্যে মিলছে না গ্যাস সিলিন্ডার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৬:৫৬ পিএম

কাহারোলে সরকার ঘোষিত মূল্যে মিলছে না গ্যাস সিলিন্ডার

দিনাজপুরের কাহারোল উপজেলায় সরকার ঘোষিত মূল্যে বেসরকারি এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে পারছেন না ক্রেতারা। কোম্পানি ভেদে প্রতিটি ১২ কেজির সিলিন্ডারের জন্য ক্রেতাদের অতিরিক্ত ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে।

এনার্জি রেগুলেটরি কমিশন নভেম্বর মাসের জন্য ১২ কেজি গ্যাস সিলিন্ডারের খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করেছে ১২১৫ টাকা।

কিন্তু বাজারে বসুন্ধরা, যমুনা, বেক্সিমকো, ওমেরা, ফ্রেসসহ প্রায় সব কোম্পানির গ্যাস সিলিন্ডার এই দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।ক্রেতা পরিচয়ে কয়েকজন খুচরা বিক্রেতার নিকট গ্যাস সিলিন্ডারের দাম জানতে চাইলে তারা জানান:

বেক্সিমকো (১২ কেজি): ১,৩৫০ টাকা থেকে ১,৩৭০ টাকা

যমুনা/ওমেরা (১২ কেজি): ১,৩০০ টাকা

বসুন্ধরা/ফ্রেস (১২ কেজি): ১,২৫০ টাকা থেকে ১,২৮০ টাকা

অর্থাৎ, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সিলিন্ডার প্রতি ৫০ থেকে ১৫০ টাকা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা।ক্রেতাদের অভিযোগ— বাজার মনিটরিং বা তদারকি না থাকায় গ্যাস সিলিন্ডার বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়িয়ে ক্রেতাদের ঠকাচ্ছেন। ক্রেতা মো. আনিছুর জামান বলেন, "বাজারে গ্যাসের কোনো নির্দিষ্ট মূল্য নেই।

বিক্রেতারা ইচ্ছেমতো দাম নিচ্ছেন। এ বিষয়ে দ্রুত বাজার মনিটরিং-এর জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।"অন্যদিকে, খুচরা বিক্রেতারা বলছেন— গ্যাস সিলিন্ডার সরবরাহকারী কোম্পানিগুলোর নিকট থেকে তাদের বেশি দামে কিনতে হচ্ছে, তাই তারাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।